অনুম‌তি ছাড়াই কুড়িগ্রামের ফুলবাড়ীর খড়িবাড়ী হা‌টের গাছ কেটে গায়েব করে দিলেন ইজারাদার

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০১:২৪:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০১:২৪:৪০ পূর্বাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় অনুম‌তি ছাড়াই হা‌টের জায়গায় থাকা সরকারি গাছ কেটে গায়েব করে দিয়েছেন ইজারাদা‌র। এ ঘটনায় ফুলবাড়ী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) বরাবর লি‌খিত অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন খড়িবাড়ী বাজার ব‌ণিক স‌মি‌তির এক সদস্য। শ‌নিবার (২৮ফেব্রুয়ারি) ভো‌রে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপ‌জেলার খড়িবাড়ী হাট বাজারে এ গাছ কাটার ঘটনা ঘ‌টে। 
 
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলারা আক্তার অ‌ভি‌যোগ পাওয়ার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। এ ঘটনায় তদন্ত ক‌রে ব্যবস্থা নেওয়া হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তি‌নি। অ‌ভিযুক্ত হাট ইজারাদা‌রের নাম মোঃ মোশারফ হোসেন দুলাল। তি‌নি এবং মোহাম্মদ আলী ক্লে না‌মে অপর আ‌রেক ব্যবসায়ী যৌথভা‌বে হাট‌টি প‌রিচালনা ক‌রেন বলে জানা গে‌ছে।
 
খোঁজ গিয়ে জানা গেছে, শ‌নিবার ভোরবেলা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী হাট বাজার পরিচয়চালনাকারী মোঃ মোশারফ হোসেন দুলাল তার লোকজনসহ প্রভাব খাটিয়ে খড়িবাড়ী হাট বাজারের পূর্ব পাশে তাহের প্লাজার (মাংসের হাট সংলগ্ন) কা‌ছে অবস্থিত ৪০-৫০ বছরের পুরোনো একটি কড়ই গাছ কে‌টে নেন। এরপর সে‌টি আত্মসাৎ করার উ‌দ্দে‌শ্যে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখেন। চিহ্ন মুছ‌তে কে‌টে নেওয়া গাছের গোড়ায় মাটি ও বালু দিয়ে ঢে‌কে রাখেন। ‌কিন্তু বিষয়‌টি প্রকাশ হ‌য়ে যায়। প‌রে এ নি‌য়ে খড়ি বাড়ী বাজার ব‌ণিক স‌মি‌তির সদস্য মোঃ আব্দুল ল‌তিফ ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লি‌খিত অ‌ভি‌যোগ দেন। গাছটির মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন অভিযোগকারী।
 
খড়িবাড়ী বাজার বণিক সমিতির সদস্য মোঃ আব্দুল লতিফ ব‌লেন, ‘মোঃ মোশারফ হোসেন দুলাল রাজনৈতিক ও স্থানীয় প্রভাব বিস্তার করে প্রায়ই বিভিন্ন ধরনের অসাধু কাজকর্ম করেন। তি‌নি ভোররাতে বাজারের কড়াই গাছটি কেটে নিয়ে যান। গাছটি কোথায় রেখেছে তার কোনও তথ্য এলাকাবাসীর কাছে নেই। এভা‌বে সরকা‌রি এক‌টি বিশাল গাছ সে নি‌মি‌শেই হজম ক‌রে দিল কিন্তু দেখার কেউ নেই। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দি‌য়ে‌ছি। আ‌মি চাই সুষ্ঠু তদন্ত ক‌রে প্রশাসন ব্যবস্থা নে‌বে।’
 
এ বিষয়ে অ‌ভিযুক্ত মোঃ মোশারফ হোসেন দুলাল ব‌লেন, ‘গাছটি নির্মাণকাজের সুবিধার্থে কাটা হ‌য়ে‌ছে। সেটি আপাতত আমার হেফাজতে রয়েছে। পরবর্তীতে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হ‌বে।’ যথাযথ কর্তৃপ‌ক্ষের অনুম‌তি না নেওয়ার বিষয়ে তিনি ব‌লেন, ‘প্রয়োজন মনে করি নাই বিধায় জানাইনি।’
 
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলারা আক্তার ব‌লেন, ‘বাজারের গাছ কাটার অভিযোগ পে‌য়ে‌ছি। এ বিষ‌য়ে তদন্ত ক‌রে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]