সায়েদাবাদে মাদকবিরোধী অভিযান, ইন্সপেক্টর গুলিবিদ্ধ

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৩:২১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৩:২১:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
​রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে মাদককারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক পরিদর্শক গুলিবিদ্ধ হয়েছেন। আহত কর্মকর্তার নাম সিদ্দিকুর রহমান (৪০)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 
সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খিলগাঁও অঞ্চলের একটি বিশেষ দল সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। ডিএনসি দলটির উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদককারবারিরা অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। এসময় একটি গুলি পরিদর্শক সিদ্দিকুর রহমানের বাম পায়ে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।


​সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) ০৪ নম্বর বেডে ভর্তি করেন।

ডিএনসি ও হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে যে, সিদ্দিকুর রহমানের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে তার পা থেকে গুলি বের করার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই সায়দাবাদ ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলাকারীদের ধরতে যাত্রাবাড়ী থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত ফোর্স ওই এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দেখা যাচ্ছে, ঘটনার পর বাস টার্মিনাল এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের জনাকীর্ণ টার্মিনালে হঠাৎ গুলির শব্দে সবাই দিগ্বিদিক ছুটতে শুরু করে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। আমাদের সাহসী কর্মকর্তার ওপর হামলার বিচার আমরা আইনানুগভাবেই নিশ্চিত করব। জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]