৫ লাখ টাকা চাঁদা দাবি, অভিযুক্ত সেই যুবদল নেতা বহিষ্কার

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০২:৩৬:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০২:৩৬:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চাঁদা দাবির অভিযোগে নাটোরে যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেলা যুবদলের এক সিদ্ধান্ত মোতাবেক তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
 
বহিষ্কৃত রাকিবুর রহমান রাজা নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে হাট ইজারাদার ওবায়দুর রহমান তপুর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন রাজা। এ সময় তিনি ইজারাদারকে মারধর ও হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন। ঘটনার সময় সেখানে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত থাকলেও রাজা অত্যন্ত মারমুখী আচরণ করতে থাকেন।
 
পরদিন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ইজারাদার তপুকে গালিগালাজ করে টাকার জন্য তেড়ে যাচ্ছেন রাজা, যা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
 
দলের অবস্থান জেলা যুবদলের বহিষ্কারাদেশে স্পষ্টভাবে জানানো হয়েছে, ব্যক্তিগত কোনো অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। কোনো নেতাকর্মী যদি অনৈতিক কাজে লিপ্ত হয়, তবে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
 
আইনি প্রক্রিয়া গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানিয়েছেন, ভুক্তভোগী ইজারাদার ওবায়দুর রহমান তপু ইতিমধ্যে অভিযুক্ত রাজার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বর্তমানে মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]