মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগের বাছাই পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। লিখিত পরীক্ষায় জাতীয় সংগীত সঠিক ও সম্পূর্ণভাবে লিখতে না পারায় কাউকেই পাস ঘোষণা করা হয়নি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি শূন্য মহল্লাদার পদে নিয়োগের জন্য মোট ৩৮ জন প্রার্থী আবেদন করেন।
পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। এরপর নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ জ্ঞান ও মৌলিক দক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে ১৫ মিনিট সময় দিয়ে জাতীয় সংগীত লিখতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেউই শুদ্ধ ও পূর্ণাঙ্গভাবে জাতীয় সংগীত লিখতে পারেননি। ফলে নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের ঘটনা উপজেলায় এই প্রথম। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, গ্রাম পুলিশের মতো দায়িত্বশীল পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও সাধারণ জ্ঞানের মান নিশ্চিত করা জরুরি। অন্যদিকে কঠোর যাচাই-বাছাইয়ের জন্য নিয়োগ কমিটির ভূয়সী প্রশংসাও করা হচ্ছে।
নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বলেন, “শারীরিক যোগ্যতা যাচাইয়ের পর মেধা যাচাই করতে গিয়ে দেখা যায়, অত্যন্ত দুঃখজনকভাবে কেউই জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে পারেননি। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রার্থীরা উত্তীর্ণ না হওয়ায় পরবর্তীতে পুনরায় নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।