মাধবপুরের আকলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আজ

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৮:৫২:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৮:৫২:৩৪ অপরাহ্ন
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি 
 
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গৃহকর্মী আকলিমা খাতুন অবশেষে দেশে ফিরেছেন। বুধবার (২৫-ফেব্রুয়ারি) ভোরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দীর্ঘ এক দুঃসহ অভিজ্ঞতার পর স্বদেশের মাটিতে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। আকলিমার বাড়ি মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ি মহল্লায়।

পরিবার সূত্রে জানা যায়, অভাব-অনটন দূর করার আশায় চলতি বছরের জানুয়ারিতে তিনি সৌদি আরবে পাড়ি জমান। জানা গেছে, ঢাকার বনানীতে অবস্থিত ‘আবির এন্ড ব্রাদারস লিমিটেড’ নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে স্থানীয় দালাল জহির ও লতিফ মিয়ার সহযোগিতায় তাকে বিদেশে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর থেকেই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেন আকলিমা।
 
নির্যাতনের একপর্যায়ে তিনি গোপনে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের উদ্যোগে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দূতাবাস ও মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। দেশে ফিরে আকলিমা খাতুন বলেন, ‘আমার মতো আর কোনো নারী যেন ভুয়া রিক্রুটিং এজেন্সি ও দালালের মাধ্যমে প্রতারণা ও নির্যাতনের শিকার না হন। নারী পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
 
এ বিষয়ে জানতে চাইলে আকলিমা জানান মাধবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি ও তার পরিবার। স্থানীয় সচেতন মহল বলছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও নারী নির্যাতনের ঘটনা রোধে রিক্রুটিং এজেন্সি গুলোর কঠোর তদারকি এবং দালাল চক্রের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]