মিতসুই ও এসি আই লজিস্টিকস(স্বপ্ন) এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৮:০১:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৮:০১:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান Mitsui & Co., Ltd. বাংলাদেশের শীর্ষ রিটেইল অপারেটর ACI Logistics Limited-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে সম্মত হয়েছে।

 

সমস্ত আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসুইয়ের সহযোগী প্রতিষ্ঠান Mitsui & Co. (Asia Pacific) Pte. Ltd. বৈদেশিক মুদ্রায় নির্ধারিত একটি রূপান্তরযোগ্য ঋণ সুবিধা (Convertible Loan Facility) প্রদান করবে এসিআই লজিস্টিকসকে। কাঠামোবদ্ধ এই ঋণ সুবিধার মাধ্যমেই অংশীদারিত্ব বাস্তবায়িত হবে।

 

এসিআই লজিস্টিকস হলো ACI Limited-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। এর অধীনে পরিচালিত হয় দেশের সর্ববৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্ন’, যার সারা দেশে বর্তমানে ৮৩৫টিরও বেশি আউটলেট রয়েছে।

 

২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিকেল ৪টায় রাজধানীর এসিআই সেন্টারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই পিএলসি’র চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা, ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এসিআই লজিস্টিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এবং মিতসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার কাজুহাইডে নাকাজোসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

বিশ্বের ৬০টিরও বেশি দেশে বিনিয়োগ ও কার্যক্রম পরিচালনাকারী মিতসুই অ্যান্ড কো. বৈশ্বিক সোর্সিং দক্ষতা, কারিগরি জ্ঞান এবং বহুখাতভিত্তিক শিল্প অভিজ্ঞতার জন্য পরিচিত।

প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের আধুনিক রিটেইল খাতে ‘স্বপ্ন’-এর নেতৃত্বস্থানীয় অবস্থান, দ্রুত সম্প্রসারণ, পরিচালন দক্ষতা এবং গ্রাহকদের উন্নত শপিং অভিজ্ঞতা প্রদানে সক্ষমতা বিবেচনায় নিয়েই এ বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এই অংশীদারিত্বের মাধ্যমে করপোরেট গভর্ন্যান্স, সাপ্লাই চেইন অপটিমাইজেশন, পরিচালন দক্ষতা ও সাসটেইনেবিলিটি খাতে ভবিষ্যতে নিবিড়ভাবে কাজ করবে উভয় প্রতিষ্ঠান।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ দেশের আধুনিক রিটেইল খাতের আরও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]