নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের কচুয়ায় সেহরির খাবার তৈরির সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে উপজেলার কচুয়া দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামের বোয়াল বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- খাদিজা আক্তার (৩০), তাঁর স্বামী মাহমুদুল হাসান (৩৬) এবং জা শিউলি আক্তার (৪০)। তাঁদের বর্তমানে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সেহরি প্রস্তুতির জন্য রান্নাঘরে যান খাদিজা আক্তার। আগে থেকেই সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে ঘরে জমে ছিল। তিনি চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই ঘরে আগুন ধরে যায় এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় খাদিজাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন তাঁর স্বামী মাহমুদুল ও জা শিউলি।
ঘটনার পরপরই স্বজনরা তাঁদের উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁদের ঢাকায় পাঠানো হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে খাদিজা আক্তারের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন-মাহমুদুল (৪ শতাংশ) ও শিউলি আক্তারকে (২ শতাংশ) জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কচুয়া দক্ষিণ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নাছির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পরিবারটির খোঁজখবর নেওয়া হয়েছে।