নিজস্ব প্রতিবেদক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়েছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। প্রথমবার ইউরোপ সেরার আসরে খেলতে এসেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গত মৌসুমের ফাইনালিস্ট ইন্টার মিলানকে ফের হারিয়েছে ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের জয়ে নরওয়েজিয়ান ক্লাবটি এখন শেষ ষোলয়।
প্লে-অফের দ্বিতীয় লেগে ইন্টারের মাঠে ৫৮ মিনিটে জেনস পেটারের গোলে এগিয়ে যায় বোডো/গ্লিমট। ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হকন ইভজেন। ৭৬ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ দিলেও ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।
প্লে-অফের অন্য ম্যাচে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগে-কে। আলেক্সান্ডার সরলোথের হ্যাটট্রিকে দাপুটে জয় পায় স্বাগতিকরা। দুই লেগ মিলিয়ে ৭-৪ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে মাদ্রিদের দলটি।
ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলে বিধ্বস্ত করেছে আজারবাইজানের কারাবাগ এফকে-কে। দ্বিতীয় লেগে ৩-২ ব্যবধানে জয় পায় নিউক্যাসল। প্রথম লেগেই বড় ব্যবধানে এগিয়ে থাকায় স্বাচ্ছন্দ্যেই শেষ ষোলো নিশ্চিত করে তারা।
এদিকে গ্রিসের অলিম্পিয়াকোস-এর বিপক্ষে দ্বিতীয় লেগ গোলশূন্য ড্র করেছে বায়ার লেভারকুসেন। তবে প্রথম লেগে ২-০ ব্যবধানে জয়ের সুবাদে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে জার্মান ক্লাবটি।