বৃহস্পতিবার অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৬:৪৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৬:৪৩:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পর্দা উঠছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার। এদিন দুপুর ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এবারের মেলা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী, ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনগুলোতে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

 

সরেজমিনে দেখা গেছে, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এখন চলছে শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। স্টল ও প্যাভিলিয়নগুলোকে দৃষ্টিনন্দন করতে রং-তুলির আঁচড় আর বাহারি আলোকসজ্জায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বিশেষ করে শিশু-কিশোর কর্নার, গবেষণাধর্মী সাহিত্য ও সৃজনশীল প্রকাশনার জন্য আলাদা প্রস্তুতির ছাপ স্পষ্ট।

 

নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। খানিকটা দেরিতে হলেও ফেব্রুয়ারিতে মেলার ঐতিহ্য বজায় রাখায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লেখক, পাঠক ও প্রকাশকরা।

 

মেলা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ‘মব’-এর আশঙ্কা নেই। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এই মেলা বরাবরের মতোই লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]