বগুড়ায় চালককে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০১:১৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০১:১৮:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদন

বগুড়ার দুপচাঁচিয়ায় এক অটো ভ্যানচালককে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম পাশে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের ধানক্ষেতের পানির মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

এসব তথ্য নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, নিহত মোজাম উদ্দিন শাহ (৫৫) উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহের ছেলে। তিনি পেশায় অটোচার্জার ভ্যানচালক ছিলেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ভ্যান পাওয়া যায়নি।

 

নিহত মোজাম উদ্দিনের ভাই হাফিজার রহমান জানান, প্রতিদিন বিকেলে মোজাম উদ্দিন অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন এবং ভোররাতে বাড়ি ফেরেন। পরে সকাল হয়ে গেলেও তিনি না ফেরায় তাকে মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। পরে খোঁজাখুঁজি করে পানির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, নিহত ব্যক্তি গভীর রাত পর্যন্ত ভ্যান চালাতো। রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, ভ্যানও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাই করে তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে।

 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]