বিনা উস্কানিতে হামলা হলে কঠোর জবাব দেবে পাকিস্তান

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ১২:২৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ১২:২৯:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তান থেকে বিনা উস্কানিতে হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি সামাজিকমাধ্যমে দেওয়া পোষ্টে এ হুঁশিয়ারি দেন।

 
মঙ্গলবার রাতে দেওয়া পোস্টে জাইদি দাবি করেন, আফগান তালেবান সরকার খাইবার পাখতুনখোয়ার তোরখাম ও তিরাহ সাব-সেক্টরে গুলিবর্ষণ শুরু করে। গুলিবর্ষণের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।


তিনি বলেন, ‘যেকোনো উস্কানির তাৎক্ষণিক এবং কঠোর জবাব দেওয়া হবে।’ পাকিস্তানের নাগরিকদের সুরক্ষা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দেশটির দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি।

আফগানিস্তানের মাটি ব্যবহার করে যাতে জঙ্গি গোষ্ঠী পাকিস্তানে হামলা পরিচালনা না করতে পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে তালেবান সরকারকে বার বার অনুরোধ করে আসছে ইসলামাবাদ।

এরআগে, আফগানিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৮০ জনেরও বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেন।

ইসলামাবাদ জানায়, পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রতিক আত্মঘাতী বোমা হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন সাতটি সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে আফগানিস্তান বলছে, এ হামলায় একাধিক বেসামরিক ঘরবাড়ি ও একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]