চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল, বিক্ষোভ

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:৫৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:৫৫:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ইফতার মাহফিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রমজান উপলক্ষে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া বাজারে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ ইফতার মাহফিল শনিবার অনুষ্ঠিত হয়।

 
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, চাটমোহর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ সবুজ।

 
এছাড়া ফিরোজ আলী মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা ইফতার মাহফিলে অংশ নেন।

অপরদিকে উপজেলার ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগ
ও ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনার চত্বরে ইউপি সদস্য মাহবুবের নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জয় বাংলা জয় বঙ্গবন্ধুসহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পক্ষে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু জানান, ফৈলজানার বিষয়টি বিচ্ছিন্ন একটি ঘটনা। তাছাড়া আওয়ামী লীগের ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আদালতের মাধ্যমে নিষ্পত্তির ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সারওয়ার হোসেন জানান, বিক্ষোভের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]