হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:০১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:০১:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কৃষিপ্রধান সবুজ প্রকৃতির বুকে, লাল ইটের সাম্রাজ্যে, সীমান্তঘেঁষা উত্তরবঙ্গের দিনাজপুরে গড়ে উঠেছে জ্ঞানের আলোকবর্তিকা— হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। দিনাজপুর শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বাঁশেরহাট নামক স্থানে ছায়াঘেরা, শান্ত পরিবেশে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়। দুই যুগেরও অধিককাল ধরে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে দাঁড়িয়ে থাকা এ প্রতিষ্ঠান ক্রমেই জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে এবং বিকশিত করছে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা। বিস্তারিত লিখেছেন

 
দেশের খাদ্যভান্ডার হিসেবে পরিগণিত উত্তরাঞ্চলে উচ্চতর কৃষিশিক্ষার জন্য একটি প্রতিষ্ঠান স্থাপন করে দেশের মানুষের শিক্ষা ও কৃষি উন্নয়নে সামগ্রিক ভূমিকা পালনের লক্ষ্যে ১৯৭৬ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটির (একনেক) সভায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।


 
১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউটের (এইটিআই) মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের গোড়াপত্তন হয়, যেখানে কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হতো।

পরে ১৯৮৮ সালের ১১ নভেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে এটিকে রূপান্তরিত করা হয় এবং উত্তরবঙ্গের কৃষকনেতা ও তেভাগা আন্দোলনের পথিকৃৎ হাজী মোহাম্মদ দানেশের নামানুসারে নামকরণ করা হয়। একই সঙ্গে কৃষিতে স্নাতক ডিগ্রি প্রদান কার্যক্রম শুরু হয়।

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় : নতুন দিগন্তের উন্মোচন

উত্তর জনপদে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের গুরুত্ব বিবেচনায়, উচ্চশিক্ষার বিস্তার এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারের লক্ষ্যে ২০০০ সালে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্দেশ্যে ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প’ গ্রহণ করা হয়। ২০০২ সালের ৮ এপ্রিল রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং ১৬ এপ্রিল আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। এটিই উত্তরবঙ্গের প্রথম এবং দেশের দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে উচ্চশিক্ষার এক নতুন দিগন্তের সূচনা হয়। মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড. মো. মোশাররফ হোসাইন মিঞা এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]