পাকিস্তান ও তুরস্ক নিরাপত্তা সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০২:১৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০২:১৩:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদন

পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী দুই দিনের সরকারি সফর শেষে আঙ্কারা ত্যাগ করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরে ইসলামাবাদ নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে তুরস্কের সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

সোমবার টিআরটি ওয়ার্ল্ডে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, তালাল চৌধুরীর নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন স্বরাষ্ট্রসচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভাগের প্রধানরা।

 

সফরকালে পাকিস্তানি প্রতিনিধি দল তুরস্কের স্বরাষ্ট্র উপমন্ত্রী মুনির কারালোওলু এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যৌথ বৈঠক করে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

প্রতিনিধি দলটি তুরস্কের পুলিশ, সন্ত্রাসবিরোধী, অভিবাসন ও মাদক নিয়ন্ত্রণ বিভাগও পরিদর্শন করে। কার্যকরী সহযোগিতা বৃদ্ধি এবং সেরা অনুশীলন বিনিময়ের লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

রমজান উপলক্ষে চৌধুরী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভীর শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি শান্তি, নিরাপত্তা ও কার্যকর ফলাফলের জন্য তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

তুরস্ক বহু বছর ধরে দায়েশ ও পিকেকে-সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি মোকাবিলায় সফলভাবে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। পাকিস্তানও দায়েশ এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে লড়াই করছে, ফলে এ ক্ষেত্রে তুরস্কের অভিজ্ঞতা থেকে দক্ষতা অর্জনের আশা করতে পারে।

 

পাকিস্তানের প্রতিমন্ত্রীর এই সফর দুই দেশের বিস্তৃত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ।

 

গত বছরের জুলাইয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, সংযোগ ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের ১৬তম তুরস্ক-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের অধিবেশনে যোগ দিতে ইসলামাবাদ সফর করেন, যা ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পৃক্ততার দিকটি তুলে ধরে।

 

তিনি জানান, তুর্কি ঠিকাদাররা পাকিস্তানে ৩.৫ বিলিয়ন ডলার মূল্যের ৭২টি বড় প্রকল্প সম্পন্ন করেছে। দুই দেশের বাণিজ্য ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং উভয় পক্ষ ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য নিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]