যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তুষারঝড়ে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০১:২৬:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০১:২৬:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক তুষারঝড় ও রেকর্ড ভাঙা তুষারপাতের ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল করা হয়েছে ৫ হাজারেরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।


সোমবার আঘাত হানা এ দুর্যোগ সম্পর্কে এক বিবৃতিতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, রোববার রাত থেকে সোমবার সারা দিন উত্তর ক্যারোলিনা থেকে শুরু করে মেইন অঙ্গরাজ্যের উত্তরাংশ হয়ে কানাডার উত্তরাঞ্চল পর্যন্ত তুষারঝড় বয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ জার্সি, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড এবং কানেক্টিকাট।

 

রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের অনেক এলাকা ৩৭ ইঞ্চি পর্যন্ত পুরু তুষারে ঢেকে গেছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক এলাকায় জমেছে ১৯ ইঞ্চি পুরু তুষার। ঝড় ও তুষারপাতের কারণে এসব অঙ্গরাজ্যে ৬ লাখের বেশি বাড়িঘর বিদ্যুদ্বিহীন হয়ে পড়েছে।

 

যুক্তরাষ্ট্রের আয়তনে সবচেয়ে ছোট অঙ্গরাজ্য রোড আইল্যান্ডের রাজধানী প্রোভিডেন্স ৩৬ ইঞ্চি পুরু তুষারে ঢেকে গেছে, যা নতুন রেকর্ড। এর আগে ১৯৭৮ সালের ফেব্রুয়ারির তুষারঝড়ে সেখানে ২৮ দশমিক ৬ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছিল।

 

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের কর্মকর্তা ক্যান্ডিস হেরেনকেসিন মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, এ ধরনের তুষারঝড় পুরোপুরি বিধ্বংসী এবং এর মাত্রা দেখে সংশ্লিষ্টরাও বিস্মিত।

 

পরিস্থিতির অবনতি হওয়ায় রোড আইল্যান্ড, কানেক্টিকাট ও ম্যাসাচুসেটসে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ ও গাড়ি চালনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি বাসিন্দাদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, সড়ক-মহাসড়কের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জরুরি সহায়তা পেতে বিলম্ব হতে পারে।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]