নিজস্ব প্রতিবেদন
চট্টগ্রাম ও কুমিল্লায় আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, চট্টগ্রামের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি সাত জনের অবস্থাই আশঙ্কাজনক। একইসঙ্গে আজ কুমিল্লায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে দগ্ধ চারজনের মধ্যে এক শিশু বাদে তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তবে, বার্ন ইনস্টিটিউটে ভর্তি প্রত্যেক রোগীর সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এ সময় গ্যাস সিলিন্ডারকে নিয়মের মধ্যে এনে মানব সৃষ্ট দুর্যোগ কমানো হবে বলে আশ্বাস দেন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
গত সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম হালিশহর থানার ওয়াপদা মোড়ে ফাতেমা মঞ্জিল নামের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন দগ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। তাদের শরীরের শতভাগ দগ্ধ ছিল।