নিজস্ব প্রতিবেদক
দেশের মাদরাসাগুলোতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতাভুক্ত নয়—এমন শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশনা জারি করা হয়েছে। মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই বিধান না মানলে কোনো মাদরাসা এমপিওভুক্ত করা হবে না।
গতকাল রোববার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বেসরকারি মাদরাসাগুলোতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর আওতাবহির্ভূত শূন্য পদে সংশ্লিষ্ট মাদরাসার নিয়োগ কমিটির সুপারিশের প্রেক্ষিতে মাদরাসার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো অনুযায়ী নিয়োগ করে থাকে।
এতে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ জারি হওয়ায় মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিকে এ নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর আওতাবহির্ভূত শূন্যপদ পূরণের জন্য নির্দেশ জারি করা হয়েছে। এই নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করা হলে এমপিও দেয়া হবে না।