কেসিসি’র প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:০০:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:০০:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করেছে সরকার।

 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়। ওই চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি করপোরেশনের পুর্ণকালীন প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।

 

নজরুল ইসলাম মঞ্জু সদ্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। মঞ্জুকে সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করায় স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরন তৈরি হয়েছে।

 

এর আগে ২০১৮ সালে ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে অংশ নেন মঞ্জু। ওই নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রার্থী ছিলেন তালুকদার আব্দুল খালেক। নির্বাচনের দিন ভোট শুরু হওয়ার পরপরই সকল ভোট কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সাধারণ ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধাসহ ব্যাপক কারচুপির অভিযোগ এনে দুপুরের আগেই বিএনপির প্রার্থী মঞ্জু ভোট বর্জনের ঘোষণা দেন। ওই ভোটের বিষয়ে তিনি খুলনার যুগ্ম-জেলা জজ ১ম আদালত (নির্বাচনী ট্রাইব্যুনালে) মামলাও করেন।

 

এদিকে গতকাল ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহাবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি কপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।’

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]