তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৭:২১:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৭:২১:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন মোল্লা হত্যা মামলায় আসামি দুই বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন- মো. আবু সিদ্দিক ও মো. শান্ত মিয়া।

 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর আদালত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জানান, তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যার ঘটনায় তার বন্ধু শান্ত মিয়া ও শান্তর বন্ধু আবু সিদ্দিকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

 

তেজগাঁও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন ইকরাম। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর খিলক্ষেত এলাকায় থাকতেন।

 

মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৪ মে ইকরাম বাসা থেকে বের হন। চার দিন পর তার লাশ উদ্ধার হয়। তার মাথা, কপালসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় ইকরামের বাবা খিলক্ষেত থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর খিলক্ষেত থানা–পুলিশ বলেছিল, আসামি সিদ্দিক ও শান্ত বালুর ব্যবসা করতেন। ইকরাম তাদের কাছে টাকা পেতেন। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ইকরামকে মুঠোফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

 

২০২৩ সালের ২৬ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরের বছরের ২৯ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচারে মোট ২৭ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]