১৮০ দিনের মধ্যে ‘বুড়িমারী এক্সপ্রেস’ বুড়িমারী থেকে নিয়মিতভাবে চলাচল করবে: ত্রাণমন্ত্রী দুলু

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৫:২৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৫:২৪:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাট-৩ আসনের এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ১৮০ দিনের মধ্যে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ বুড়িমারী থেকে নিয়মিতভাবে চলাচল করবে।

 

বর্তমানে ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত যাতায়াত করছে। একটি শাটল ট্রেনের মাধ্যমে যাত্রীরা বুড়িমারীতে চলাচল করে থাকে।

 

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, কৃষি, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রকৌশল, সড়ক ও জনপথ, পাট অধিদপ্তর, শিক্ষা, বিসিক, পরিসংখ্যান, চা বোর্ড, প্রাণী সম্পদ বিভাগ, বিআরটিএ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ সময় মন্ত্রী বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থিত কর্মকর্তাদের মাঝে তুলে ধরেন।

 

সভায় মন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি ও হয়রানি দূর করতে হবে। হাসপাতালে দালালদের দৌরাত্ম্য দূর করতে হবে। কৃষকদের সার, বীজসহ অন্যান্য প্রণোদনা নিয়ে ভোগান্তি করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বাড়াতে হবে। বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন করতে হবে। মহাসড়ক ৪ লেনে উন্নীত করার পদক্ষেপ নিতে হবে। অবৈধভাবে নদীর বালু তোলা বন্ধ করতে হবে। সীমান্তে মাদকদ্রব্য পাচার, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে হবে। সড়কগুলো দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিতে হবে।

 

পরে উপস্থিত কর্মকর্তারা তাদের মতামত ও চলমান সমস্যা এবং উন্নয়ন কর্মকাণ্ডসমূহ তুলে ধরেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]