যাত্রাবাড়ীতে তাইম হত্যায় ১১ আসামির বিচার শুরুর আদেশ

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০১:৩৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০১:৩৬:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জুলাই বিপ্লবে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থান ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের জন্য ২৯ মার্চ দিন ধার্য করা হয়েছে।

 
সকালে কারাগার থেকে এ মামলার গ্রেপ্তার দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও তৎকালীন ওসি (তদন্ত) জাকির হোসেন।

হাবিবুর রহমান ছাড়া পলাতক অন্যরা হলেন— ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন এডিসি মো. মাসুদুর রহমান মনির, তৎকালীন সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন, এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উজ জামান ও মো. শাহদাত আলী।

এর আগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে তিনি তাইম হত্যার পুরো বিবরণসহ ১১ আসামির ব্যক্তিগত দায় তুলে ধরেন । চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তার নির্দেশে খুব কাছ থেকে গুলি করে নির্মমভাবে তাইমকে হত্যা করা হয়। এমনকি গুলিবিদ্ধ অবস্থায় তাকে বাঁচাতে পেছন দিয়ে ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন তার বন্ধু রাহাত। তখন তাকেও গুলি চালিয়ে তাইমকে ফেলে রেখে যেতে বাধ্য করে পুলিশ। এ মর্মান্তিক দৃশ্য সেই সময় সবাইকে নাড়া দিয়েছিল।

এছাড়া আসামিদের বিরুদ্ধে হত্যার নির্দেশ, উসকানি-প্ররোচনাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। সব মিলিয়ে প্রাইমা ফেসি বিবেচনায় ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটর।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]