গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
গলাচিপায় ৪দিন নিখোঁজ থাকার পর হাসানের লাশ তেতুলিয়া নদীর চরকাজল গ্যাস ফিল্ড এলাকায় ভেসে উঠে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। চরশিবা পুলিশ ফাড়ির সদস্যরা হাসানের লাশ উদ্ধার করে সনাক্তের জন্য পরিবারের লোকজনকে খবর দেয়। হাসানের মরদেহটি নৌপুলিশের কাছে হস্তান্তরের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চরশিবা পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই মো. কামাল উদ্দিন।
পুলিশ ও হাসানের পরিবার সূত্রে জানা গেছে, হাসান বিয়ে করার জন্য গত মঙ্গলবার চরকাজল যায়। সেখানে মেয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ করে ওই দিন বিকেলেই গলাচিপার ডাকুয়া গ্রামের বাড়িতে ফিরে আসার জন্য চরকাজল লঞ্চঘাটে খেয়ার অপেক্ষা করেন। এসময় তিনি চর কাজল লঞ্চঘাটের পল্টুনের বালতি দিয়ে পানি তুলতে গিয়ে তেতুলিয়া নদীতে পড়ে যায়। পরে হাসানকে উদ্ধারের জন্য পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই দিন চেষ্টা করেও উদ্ধার কাজ পরিত্যাক্ত ঘোষণা করেন।
নিখোঁজের চারদিন পর শনিবার বিকেল ৪টার দিকে হাসানের লাশ তেতুলিয়া নদীর চরকাজল এলাকার গ্যাস ফিল্ডের কাছে ভেসে উঠে। লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করবে বলে নিশ্চিত হওয়া গেছে।
গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী নুরু হাওলাদারের ছেলে হাসান (২৭)। এদিকে হাসানকে উদ্ধারের হওয়ারর খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থল তেতুলিয়া নদীর গ্যাস ফিল্ডে রওয়ানা দিয়েছেন।
গলাচিপা উপজেলার চরশিবা পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। হাসানের পরিবারের লোকজন খবর দেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।