কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৭:০০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৭:০০:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা করাই সরকারের ‘নাম্বার ওয়ান টার্গেট’। কোনো অবস্থাতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ-এ সব সরকারি দপ্তরের কর্মচারী ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, দখলদারি, জমি কাটা বা দখল, গাছ কাটা কিংবা মাছ নিধনের মতো অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। বিচার নিজ হাতে তুলে নেওয়ার সুযোগও কাউকে দেওয়া হবে না। “বিচার হবে বিচারালয়ে”—উল্লেখ করে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। অপরাধী যেই হোক না কেন, তার পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

 

তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষ যেন ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে হবে।

 

সরকারি কর্মচারীদের উদ্দেশে জাহিদ হোসেন বলেন, হাসপাতালগুলো সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে মানুষ সেখানে গিয়ে কোনো ধরনের দুর্গন্ধ বা অস্বস্তির অভিযোগ না করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শূন্য পদ পূরণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন তিনি।

 

 

এলাকায় মাদক ও জুয়ার আসর বন্ধের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বিশেষ করে রাতে নদীর চরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই যেন এসব কার্যক্রমের সঙ্গে কারও সম্পৃক্ততার অভিযোগ না ওঠে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।

 

সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু দে-সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]