থাইল্যান্ডের সাফারি পার্কে প্রাণঘাতী ভাইরাসে ৭২ বাঘের মৃত্যু

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৬:৪১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৬:৪১:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং মাই প্রদেশের একটি ব্যক্তিগত সাফারি পার্কে কয়েক সপ্তাহের মধ্যে অন্তত ৭২টি বাঘ প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে মারা গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

প্রাদেশিক প্রাণিসম্পদ কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, পরীক্ষায় মারাত্মক সংক্রামক ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের পাশাপাশি শ্বাসযন্ত্রে আক্রমণকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষের মতে, সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণীগুলোকে রক্ষা করা সম্ভব হয়নি।

জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতনামুংক্লানন স্থানীয় গণমাধ্যমকে বলেন, গৃহপালিত বিড়াল বা কুকুরের তুলনায় বাঘের রোগ শনাক্ত করা অনেক বেশি কঠিন। অসুস্থতার লক্ষণ স্পষ্ট হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

জানা গেছে, বাঘগুলোর মৃত্যু হয়েছে টাইগার কিংডম সাফারি পার্কে। পার্কটির ওয়েবসাইটে দর্শনার্থীদের বাঘ স্পর্শ ও তাদের সঙ্গে ছবি তোলার সুযোগের প্রচারণা রয়েছে।

এ ঘটনায় প্রাণী অধিকার সংস্থা পেটা এশিয়া উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, বন্দিদশা, দুর্দশাপূর্ণ পরিবেশ ও ভয়ের মধ্যে এসব বাঘের জীবন কেটেছে। তারা আরও বলেছে, পর্যটননির্ভর এমন স্থানে দর্শনার্থী কমে গেলে ব্যবসা অলাভজনক হতে পারে, তবে এতে প্রাণীদের ওপর নেতিবাচক প্রভাব কমার সম্ভাবনা থাকে।

ঘটনার পর সংশ্লিষ্ট পার্কে স্বাস্থ্যবিধি, প্রাণী সুরক্ষা ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]