হ্যাঁ ভোট স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে: পানি সম্পদ মন্ত্রী

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০১:৪২:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০২:১২:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

গণভোটে জয়যুক্ত ‘হ্যাঁ’ ভোট পার্লামেন্টে বিল উত্থাপনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি একে ‘জুলাই সনদ’ হিসেবে অভিহিত করে বলেন, এর জন্য আলাদা করে শপথের প্রয়োজন নেই।

 

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে, যা অত্যন্ত স্বাভাবিক নিয়মেই সংসদীয় প্রক্রিয়ায় বিল হিসেবে আসবে। যেখানে ‘না’ ভোট পড়েছে বা যেখানে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আইনবিদদের ব্যাখ্যা অনুযায়ী পার্লামেন্টে আলোচনা ও সিদ্ধান্ত হবে।’

 

দেশে চলমান ‘মব কালচার’ বা বিশৃঙ্খল পরিস্থিতির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘যারা মব করছেন, তাদের এই পথ থেকে সরে আসা উচিত। মব বা বিশৃঙ্খলা নতুন বাংলাদেশ গড়ার পথে বড় বাধা। আমাদের সবাইকে মব কালচার পরিহার করে দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে।’

 

সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘মতভিন্নতা থাকতে পারে, কিন্তু সব বিষয়েই বিরোধিতা করতে হবে-এমন মানসিকতা থেকে পিছিয়ে আসতে হবে। দেশ গড়ার স্বার্থে সবাইকে আন্তরিক হতে হবে। কেউ যদি এর বাইরে গিয়ে বিশৃঙ্খলা করতে চায়, তবে তার দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।’

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]