​লক্ষ্মীপুরে ইফতার সামগ্রী বিতরণ" ন্যায়- ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-ড. রেজাউল করিম

আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৭:৫৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৭:৫৫:০৪ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক 

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার  আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

তিনি আজ লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুরে ১ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  উত্তর জয়পুর ইউনিয়ন আমীর আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা আমীর নূর মোহাম্মদ রাসেল ও জেলা কর্মপরিষদ সদস্য খালেদ সাইফুল্লাহ। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

ড. রেজাউল করিম বলেন, সমাজের বিত্তবান মানুষের মাঝে যাতে আত্মোপলব্ধি ঘটে এজন্য আমরা ৫০ হাজার ফুড প্যাকেট বিতরণ করার পরিকল্পনা করেছি। মূলত, সামর্থবান মানুষের সম্পদের মধ্যে বিত্তহীনদের অধিকার রয়েছে। বিত্তশালীরা যাতে তা বুঝতে পারেন এজন্যই আজকের এ আয়োজন; যাতে তারা যাকাত ও সাদাকাহ ফান্ডের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজে লাগাতে পারে।

 এ কাজটি আমরা করছি মোবারক মাহে রমজান মাসে। আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি এজন্যই আমাদেরকে মাহে রমজানের নিয়ামত দান করা হয়েছে। বস্তুত, রমজান মাস হলো আত্মশুদ্ধি, তাকওয়া ও তাজকিয়া অর্জনের মাসে। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে মাহে রমজানের প্রকৃত শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। তিনি তাকওয়াভিত্তিক সমাজ গঠনে ময়দানে সকলকে আপোষহীন থাকার আহবান জানান। 

তিনি বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে আমরা তাকওয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে জনগণের সমর্থন চেয়েছিলাম। জনগণ স্বতঃস্ফূর্তভাবে সে আহবানে সারা দিয়েছে। আমরা লক্ষ্মীপুরে ১ লাখ ২৩ হাজার ভোট পেয়েছি। কিন্তু নির্বাচনে জনমতের পুরোপুরি প্রতিফলন ঘটতে দেওয়া হয়নি বরং অনেক ক্ষেত্রেই গণরায় উল্টে দেওয়া হয়েছে।

তারা এখানেই থেমে থাকেনি বরং নির্বাচনের পর আমাদের লোকজনের ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটানো হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কারনে পালপাড়ায় এক বোনকে লাঞ্ছিত করা হয়েছে। তারা এখন নতুন ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশের গণতন্ত্রকামী মানুষ তা কোন ভাবেই মেনে নেবে না। তিনি ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]