রোজার শুরুতেই যানজটমুক্ত রাখতে ভলানটিয়ার নিয়োগ

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০৪:১১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০৪:১১:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে দেড়শ জন জনবল নিয়োগ দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয় ওইসব পয়েন্টে বাড়তি জনবলের ব্যবস্থা করা হয়েছে। এতে করে রোজার শুরুতেই যানজটমুক্ত হয়েছে নারায়ণগঞ্জ শহর।

 

বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গনে দায়িত্বপ্রাপ্তদের ভলানটিয়ারের পোশাক তুলে দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন। 

 

এ সময় বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন ব্যাবসায়িক সংগঠন ও প্রশাসনের উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

 

 

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরেও শহরের যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয় সেসব পয়েন্টে অতিরিক্ত জনবল নিয়োগ দেয়া হয়েছে। ট্রাফিক বিভাগের ৭০ জন পুলিশ সদস্যের পাশাপাশি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় দেড়শ জন দায়িত্ব পালন করবেন।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন জানান, বেশ কিছু পয়েন্টে অবৈধ স্ট্যান্ড ও সড়কের উপরে বিভিন্ন দোকান বসানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। সেসব পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। 

 

রাস্তার উপরে কেউ ভ্যান বা অন্য কিছু বসিয়ে ব্যবসা করতে পারবেনা। এ বিষয়ে রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সকলেই একমত। শহরের শৃঙ্খলা ফেরাতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]