আড়াইহাজারে দুর্বৃত্তের হামলায় ৬ পুলিশ আহত, আটক ৫

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ১২:২৮:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ১২:২৮:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
‎নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

 
পুলিশ সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের জুলহাস মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আসমা বেগমকে (৪৫) গ্রেপ্তারের উদ্দেশ্যে বুধবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালায় আড়াইহাজার থানার পুলিশ। এ সময় আসামির পরিবারের সদস্য ও স্থানীয় কিছু মানুষ পুলিশের কাজে বাধা দেয় এবং বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে।

 
এ ঘটনায় এসআই অজিত, এএসআই আরিফ, এএসআই ফারুক, এএসআই শরীফ, এএসআই সাইফুল ও এএসআই নিজাম আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
 

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি আসমাকে আটকের পর তিনি অসুস্থতার ভান করেন। খবর পেয়ে তার আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন এসে পুলিশকে ঘেরাও করে রাখে। এতে প্রায় এক ঘণ্টা পুলিশ অবরুদ্ধ ছিল। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে


তিনি আরও বলেন, ঘটনার একপর্যায়ে আসামি আসমাকে তার স্বজনেরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তবে পরিবারের দাবি, অসুস্থ হয়ে পড়ায় তাকে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে তিন নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]