একই পরিবারের দগ্ধ ৪ বিদ্যুতের স্ফুলিঙ্গ থেকে ঘরে আগুন

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৯:৪৭:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৯:৪৭:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামে বিদ্যুতের তারের স্ফুলিঙ্গ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। বুধবার দুপুরে একটি টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

দগ্ধ ব্যক্তিরা হলেন— ওই গ্রামের বাসিন্দা শামসুল বিশ্বাস (৬৫), তাঁর স্ত্রী মাফিয়ারা বেগম (৫৫) এবং তাঁদের দুই ছেলে জনি বিশ্বাস (২৫) ও মাসুম বিশ্বাস (৩৫)।

 

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক একটার দিকে মাফিয়ারা বেগম ও ছোট ছেলে জনি ঘরে অবস্থান করছিলেন। সে সময় হঠাৎ বিদ্যুতের তারের স্ফুলিঙ্গ (স্পার্ক) থেকে জানালার পর্দার কাপড়ে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে বাইরে থাকা শামসুল বিশ্বাস দ্রুত ঘরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করলে তিনিও দগ্ধ হন। স্বজনদের উদ্ধার করতে গিয়ে বড় ছেলে মাসুম বিশ্বাসও আহত ও দগ্ধ হন।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দগ্ধদের ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে আনা হয়।

 

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ জানান, সন্ধ্যায় একই পরিবারের চার সদস্যকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাঁদের ড্রেসিং ও প্রাথমিক চিকিৎসা চলছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]