নিজস্ব প্রতিবেদক
প্রায় দেড় বছর পর নারায়ণগঞ্জে জেলা ও মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) কার্যালয়ে প্রবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি’ স্লোগান দিতে দেখা গেছে। পাশাপাশি কার্যালয়ে লাগিয়েছেন ব্যানারও।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মাত্র এক মিনিটের মধ্যে ব্যানার লাগিয়ে স্লোগান দিয়ে তারা দ্রুত কার্যালয় ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দুপুরে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে প্রথমে ব্যানার টানানো হয়। এসময় পাঁচ থেকে সাতজন নেতাকর্মীর সেখানে ছিলেন। এরপরেই সেখানে আগে থেকেই উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মীর সামনে যুবলীগের পাঁচ নেতাকর্মী স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় সেখানে ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদিম আহমেদ ও সায়মন মির্জা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন স্থানীয় যুবলীগ কর্মী এসে তড়িঘড়ি কার্যালয়ের সামনে ব্যানার টানান। এরপর তারা এক মিনিট স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে তারা কার্যালয়ের সামনের গেটে ব্যানার লাগিয়ে যান।
মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এ বিষয় নিয়ে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। আমরা বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন এই বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিবে। নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এসব কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেওয়ার জোর দাবি জানায়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা বিষয়টি অবগত রয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জেও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। এরপর থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান। আবার কেউ কেউ বিদেশে পাড়ি জমান। প্রায় দেড় বছর পর বুধবার সংগঠনটির নেতাকর্মীরা প্রথমবারের মতো কার্যালয়ে প্রবেশ করেন এবং স্লোগান দেন।