​বুড়িচংয়ে রোজার আগেই বাজারে অস্থিরতা

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ১২:১২:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ১২:১২:২৫ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং  প্রতিনিধি।।

রোজার আগেই কুমিল্লার বুড়িচং বাজারে লাগামহীন হয়ে উঠেছে বিভিন্ন পণ্যের দাম। গত দুই দিনে লেবু, রসুন, শসা, গাজর, বেগুন ও আদাসহ প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে আলুর দাম রয়েছে নাগালের মধ্যে। 

উপজেলায় বিভিন্ন  বাজার ঘুরে জানা যায়, রোজার আগেই লেবুর দাম বেড়ে প্রতি পিস বিক্রি হচ্ছে ২০ টাকা পর্যন্ত। গত দুই দিনের ব্যবধানে শুকনা মরিচ, রসুন, আদা এবং সয়াবিন তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। আলুর স্বল্পমূল্যে কিছুটা স্বস্তি থাকলেও বেড়েছে বেগুন, গাজর ও শসার দাম। পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে মোকামে দাম বেশি হওয়ায় তারা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন। ফলে ভোক্তাদের চাপে পড়তে হচ্ছে। রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে মোকামগুলোতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের।

কংশনগর  বাজারের পাইকারি আড়তগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই দিনে শুকনা মরিচের দাম কেজি প্রতি ৩০-৪০ টাকা বেড়েছে। রসুনের দাম কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ১৬০ টাকায় বিক্রি হয়েছে। দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 ময়নামতি  বাজারের সবজি ব্যবসায়ী জাহাঙ্গীর জানায়, ‘রসুন, শুকনা মরিচ, আদা, বেগুন, গাজরসহ বেশ কিছু সবজির দাম বেড়েছে। দাম বড়লেও খুচরা ব্যবসায়ীদের লাভ বাড়েনি। তারা বেশি দামে কিনছেন বলে বেশি দামেই বিক্রি করছেন। কিন্তু তাদের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের ব্যবধান আগের মতোই আছে।’

সদর পৌর বাজারের ব্যবসায়ী  ফারুক  বলেন, ‘এক সপ্তাহ আগে যে লেবু প্রতি পিস কিনেছিলাম ৫ টাকা, এখন সেই লেবুর পিস হইছে ১৫-২০ টাকা। দুই দিন আগে রসুন কেজি ১৪০ টাকায় কিনেছি, এখন কিনছি ১৬০ টাকায়। বেগুন ছিল ৩০ টাকা, এখন ৫০ টাকা কিনতে হচ্ছে। শসার কেজি ছিল ৫০ টাকা, এখন ১০০ টাকা। গাজর ছিল ৪০ টাকা, এখন কিনতে হচ্ছে ৫০ টাকা। করলাসহ আরও কয়েকটা শবজির দামও বেড়েছে। রোজার জন্য লেবুসহ সব জিনিসের দাম বাড়ছে। আমরাও বেশি দামে বিক্রি করছি। কয়েক রোজা গেলে হয়তো দাম আবার কমতে পারে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]