জনসম্পৃক্ত রাজনীতির বার্তা: মণিরামপুরে প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস নবনির্বাচিত এমপির

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০২:৫৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০২:৫৫:৪৪ অপরাহ্ন
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক সাধারণ জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন।
 
ভোটের আগে বিভিন্ন এলাকায় গণসংযোগকালে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের প্রত্যয়ে তিনি উপজেলা জুড়ে জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ছয়জন প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মাওলানা রশীদ আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী এম ইকবাল হোসেনকে পিছনে ফেলে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩০ হাজার ৫৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
নির্বাচনের পর টানা দুই দিন শুক্র ও শনিবার তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। ঝাপা ইউনিয়নের রাজগঞ্জ বাজার, মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা ও বেলতলা চাকলা বাজার, চালুয়াহাটি ইউনিয়নের শয়লা ও নেংগুড়াহাট, শ্যামকুড় ইউনিয়নের চিনেটোলা বাজার এবং দূর্বাডাঙ্গা ও মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব সভায় তিনি উন্নয়ন ও আইনশৃঙ্খলা ইস্যুতে বক্তব্য দেন।
 
রাজগঞ্জ বাজারে দেওয়া বক্তব্যে নবনির্বাচিত এমপি বলেন, মণিরামপুর বাংলাদেশের অন্যতম বৃহৎ উপজেলা হওয়া সত্ত্বেও পর্যাপ্ত রাষ্ট্রীয় বরাদ্দ ও প্রশাসনিক কাঠামোর ঘাটতি রয়েছে। পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ ইউনিয়ন ও গ্রামগুলোতে পূর্ণাঙ্গ থানা প্রতিষ্ঠা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, স্বাস্থ্যসেবা সম্প্রসারিত হবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। তিনি রাজগঞ্জ এলাকায় পূর্ণাঙ্গ থানা স্থাপনের বিষয়ে পুনরায় আশ্বাস দেন।
তিনি আরও বলেন, “নির্বাচনের সময় যেসব অঙ্গীকার করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বাজারভিত্তিক চাঁদাবাজি ও দখলদারিত্ব কঠোরভাবে দমন করা হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হবে।”
 
একটি মতবিনিময় সভায় তিনি বলেন, “আমার কাছে আওয়ামী লীগ-বিএনপি বিভাজন নেই। মণিরামপুরের সব মানুষের দায়িত্ব আমার। চাঁদাবাজ, দখলদার বা মাদক কারবারি—সে যেই দলেরই হোক, ছাড় পাবে না।”
সভাগুলোতে স্থানীয় ব্যবসায়ীরা জরাজীর্ণ সড়ক সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি জানান। নির্বাচনের পরপরই এমপির মাঠপর্যায়ে উপস্থিতি ও সরাসরি জনসংযোগে আশার আলো দেখছেন এলাকাবাসী। তাদের মতে, নবনির্বাচিত সংসদ সদস্যের এই ধারাবাহিক উদ্যোগ মণিরামপুরে উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]