​জামায়াত নেতাকর্মীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: জুড়ীতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৯:০৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৯:০৬:৪৭ অপরাহ্ন

এস এম জালাল উদদীন: মৌলভীবাজার: 

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জুড়ী উপজেলায় পৃথক সংবাদ সম্মেলনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুললেও নিজেদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জামায়াত মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলাম গুরুতর আহত হন। এছাড়া জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, শিবির নেতা তারেক ও আব্দুল্লাহ, এনসিপির এক নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তারেক রহমান অভিযোগ করেন, হামলাকারীরা ধারালো অস্ত্র ব্যবহার করে দুজনকে ছুরিকাঘাত করে। এছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে আরও কয়েকজন আহত হন।

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান দাবি করেন, বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এতে তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।

ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাতে জামায়াত নেতাকর্মী ও স্থানীয় লোকজন জুড়ী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ দস্তেগীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু সংবাদ সম্মেলনে বলেন, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমানসহ কয়েকজন চা-বাগান এলাকায় অর্থ বিতরণের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। তার বিরুদ্ধে আনা হামলার অভিযোগ তিনি ‘অপপ্রচার’ বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ জাল ভোটের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

পাল্টা সংবাদ সম্মেলনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম বলেন, তাদের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সকলকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]