মেহেদী রাকিব
মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরায় পলাতক মাদক কারবারি মোঃ ইকবাল (৩৯)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রবিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সিরাজগঞ্জ বাজারের পূর্ব পাশে অবস্থিত ইকবালের রাইস মিলের ভেতরে অভিযান পরিচালনা করে মনপুরা নৌবাহিনীর একটি দল ও থানা পুলিশ। অভিযানে মিলের ভেতর থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি আরটিআর গাড়ি জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ইকবাল কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত ইকবাল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক সেবন ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামি মো. ইকবালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।