​ধানের শীষের প্রতিটি ভোট পাহারা দিতে হবে: শামা ওবায়েদ ইসলাম

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ১২:৫০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ১২:৫০:৪০ অপরাহ্ন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং ১১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত ধানের শীষের প্রতিটি ভোট কঠোরভাবে পাহারা দিতে হবে। তিনি বলেন, একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে, যা ঐক্য ও সচেতনতার মাধ্যমে নস্যাৎ করতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার সংলগ্ন মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, নির্বাচনের মাঠে অনেক সময় উসকানি দিয়ে ঝগড়ায় জড়ানোর চেষ্টা করা হয়। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ ঝগড়া করতে এলে মাথা ঠাণ্ডা রাখতে হবে। জনগণের কাছে শান্তভাবে গিয়ে ভোট চাইতে হবে। এটাই আমাদের মূল দায়িত্ব।

ধর্মের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেত্রী বলেন, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার গ্যারান্টি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তায়ালার। কেউ যদি এমন গ্যারান্টি দেওয়ার দাবি করে, তাহলে সে আল্লাহর চেয়েও বড় হওয়ার দাবি করে, যা স্পষ্ট নাফরমানি। তিনি বলেন, ইসলাম আমরা হৃদয়ে ধারণ করি, কিন্তু ইসলাম কোনো পণ্য নয় যে তা বিক্রি করা যাবে।

নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, তার সঙ্গে জনগণের সম্পর্ক শুধু নির্বাচনের নয়; এই সম্পর্ক মাটি, হৃদয় ও আত্মার। নির্বাচন শেষ হয়ে গেলেও এই সম্পর্ক অটুট থাকবে বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, গত ১৭ বছর ধরে তিনি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। এবার নির্বাচনে তাকে বিজয়ী হওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি, যাতে সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারেন।

তিনি আরও বলেন, তার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান আজ আর বেঁচে নেই। তবে তিনি আজীবন ন্যায় ও সত্যের পথে থেকেছেন এবং কখনো মিথ্যার সঙ্গে আপোষ করেননি। সেই সত্যের পথেই তিনি চলতে চান উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আজীবন জনগণের পাশে থাকার অঙ্গীকার করছেন।

বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, ইমদাদ ফকির, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদসহ দলীয় নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]