নেত্রকোণা প্রতিনিধিঃ
প্রখ্যাত বাউল শিল্পী ও সঙ্গীত সাধক সুনীল কর্মকার আর নেই। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
১৯৫৯ সালের ১৫ জানুয়ারি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বান্দনাল গ্রামে জন্ম নেওয়া সুনীল কর্মকার মাত্র সাত বছর বয়স থেকেই বাউল গানের সঙ্গে যুক্ত ছিলেন। আট বছর বয়সে অন্ধত্ব বরণ করলেও সংগীত সাধনা থেকে সরে যাননি। দৃষ্টিহীন এই শিল্পী দোতারা, বেহালা, তবলা ও হারমোনিয়ামসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে দক্ষ ছিলেন এবং প্রায় ১৫০–২০০টি গান রচনা করেন।
লোকসংগীতে বিশেষ অবদানের জন্য তিনি ২০২২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত শিল্পকলা পদক লাভ করেন। তাঁর মৃত্যুতে বাউল ও লোকসংগীত অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।