মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড়।।
পঞ্চগড় সীমান্তে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধীনস্থ বড়বাড়ি বিওপির চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় গাঁজা সহ মোঃ হক সাহেব (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে বিজিবি সদা তৎপর হয়েছে।
এরই ধারাবাহিকতায় ৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে আটটায়, বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অধিনায়ক নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি এর অধীনস্থ বড়বাড়ি বিওপি'র নিয়মিত টহল দল হাবিলদার মোঃ বুলবুল আহম্মেদ এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৯/৩ এস হতে আনুমানিক ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে পঞ্চগড় সদর উপজেলার চাকলা হাট ইউনিয়নের মৃত রিয়াজ উদ্দিন এর ছেলে মোঃ হক সাহেব (৪৭)'কে ২৫০ গ্রাম ভারতীয় গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি'র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।