ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে মোংলায় যৌথ বাহিনীর মহড়া।

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ১১:০৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ১১:০৯:৩২ অপরাহ্ন
 
মো:সুজন মোংলা (বাগেরহাট) :
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের মোংলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নৌবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাগেরহাট-৩ আসনের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নে এ মহড়া অনুষ্ঠিত হয়। যৌথবাহিনীর এই মহড়া ও টহল সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তার বোধ তৈরি করেছে। 
 
মহড়াকালে নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় করনীয় বিষয়গুলো প্রদর্শন করা হয়। এ সময় ভোটকেন্দ্র এলাকায় টহল, সন্দেহভাজন তল্লাশি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া কার্যক্রম অনুশীলন করা হয়।
 
মোংলা পৌর শহর থেকে যৌথ বাহিনীর মহড়া শুরু হয়। এরপর বিভিন্ন ইউনিয়নে পৌঁছায় বাহিনীর সদস্যদের গাড়িবহর। বিভিন্ন ইউনিয়ন হয়ে পুনরায় পৌর শহরে এসে মহড়া শেষ হয়। এ মহড়ার মাধ্যমে ভোটের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির পাশাপাশি জনগণকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে সচেতন করা হয়। এ সময় সাধারণ জনগণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের শক্ত অবস্থানের কথা জানানো হয়। 
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ বলেন, নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চলমান আছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
 
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধী যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
 
মহড়ায় সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]