জহুরুল ইসলাম (সরিষাবাড়ী) জামালপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ী অনার্স কলেজ প্রাঙ্গণে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় নির্বাচনের দিন ভোটগ্রহণ প্রক্রিয়া, ব্যালট পেপার ব্যবস্থাপনা, স্বচ্ছ ভোটবাক্স ব্যবহার এবং ভোট গণনা শেষে ফলাফল বিবরণী প্রস্তুত করার বিষয়ে কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের সহায়তা এবং নিরপেক্ষতা বজায় রাখার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের দায়িত্ব সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পেয়েছেন বলে মত প্রকাশ করেন।