মশিউর রহমান রাসেলঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামে অবস্থিত সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন স্কুলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী–২০২৬।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টো–এর আকস্মিক উপস্থিতি। নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ করে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার উপস্থিতিতে পুরো আয়োজন নতুন মাত্রা পায় এবং দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানকে সম্মানিত করতে সুদূর ঢাকা থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব রিয়াজুল হাসান বাপ্পি, যা আয়োজকদের জন্য ছিল গর্বের বিষয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নলছিটি উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ সোলাইমান।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাকির হোসেন, জনাব খলিলুর রহমান বাবুল, সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জনাব ফারুক খান, ৪নং প্রেমহার ওয়ার্ড জামায়াতে ইসলামির সভাপতি জনাব আলী আকবার, প্রেমহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদীন মিয়া, জনাব রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জনাব জেবায়ের হাবিব। নির্বাচনী ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে না পারলেও আয়োজকদের মাধ্যমে স্কুলটির সার্বিক সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব অহিদুল ইসলাম ঢাকায় অবস্থান করায় উপস্থিত থাকতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে জনাব মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (নলছিটি) অনুষ্ঠানে অংশগ্রহণ করে খেলার বিচার কার্য পরিচালনা করেন।
এছাড়া বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের সেক্রেটারি জেনারেল আবদুস সোবাহান বাচ্চু সাংস্কৃতিক অনুষ্ঠানের বিচার কার্য পরিচালনা করে বলেন, “সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন স্কুল শিক্ষার মান ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছে।”
অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং পশ্চিম প্রেমহার যুব সংগঠনের উপদেষ্টা জনাব শাহীন বেপারী। তিনি বলেন, “এই প্রতিষ্ঠানের পারফরম্যান্স পুরো ঝালকাঠি জেলার মধ্যে সেরা। আমি সবসময় এই প্রতিষ্ঠানের পাশে থাকবো।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য পৃথক খেলাধুলা, অভিভাবকদের অংশগ্রহণমূলক খেলা এবং বিভিন্ন সংগঠনের জন্য বিশেষ ক্রীড়া আয়োজন করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১৫০ জনের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত।
সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন স্কুল এলাকায় একটি আদর্শ শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে বলে অভিভাবকরা মন্তব্য করেন। অনুষ্ঠান সফল করতে বিদ্যালয়ের সকল পরিচালক ও শিক্ষকবৃন্দ আন্তরিকভাবে কাজ করেন। বিশেষ করে প্রধান শিক্ষক ফারুক খান ও সহকারী শিক্ষক সাব্বির আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সব মিলিয়ে স্কুলটির ১০ম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সফল, সুশৃঙ্খল ও স্মরণীয়।