বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ পিতা-পুত্র আটক

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ১১:৪৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ১১:৪৭:১০ অপরাহ্ন
 
সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট, ক্রাইম রিপোর্টার প্রতিনিধি ::


সিলেটের বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এক সফল অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানে ৯৪ বোতল দেশি ও বিদেশি মদ উদ্ধারসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন-চাঁনপুর গ্রামের মৃত বলিয়া রবিদাসের পুত্র আনু রবিদাস (৫২) এবং তার পুত্র শচিন রবিদাস (১৯)।
 
মামলা সূত্রে জানা যায়, আটককৃত পিতা-পুত্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর সদস্যরা আনু রবিদাসের বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ১ লিটার ও হাফ লিটার পরিমাণের ৮৮টি দেশীয় মদের বোতল এবং ৬টি টিনের ক্যানভর্তি বিদেশি তরল পানীয় উদ্ধার করেন। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার ৮৫০ টাকা।
 
এই ঘটনায় বালাগঞ্জ থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তী বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৭)।
 
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারের সময় আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হওয়ায় সামান্য জখম প্রাপ্ত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]