নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহের- নান্দাইলে রাস্তায় সিএনজি রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে আবুল কালাম (৩৬) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
এ সময় বাঁধা দিতে গেলে নিহতের আরও পাঁচ স্বজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই গ্রামের মৃত আরজ আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আবুল কালাম তার সিএনজিটি প্রতিবেশী হাবিবুর রহমানের বাড়ির সামনে রেখে দুপুরের খাবার খেতে নিজ বাড়িতে যান। এতে ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমানের ছেলে আল-আমীন কালামের বাড়িতে গিয়ে কৈফিয়ত চান-কেন প্রতিদিন তাদের বাড়ির সামনে গাড়ি রাখা হয়।
এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আল-আমীন তার ঘর থেকে ধারালো অস্ত্র এনে কালামকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
এ সময় কালামকে বাঁচাতে তার ভাই ফারুক, তাহের, ভাতিজা সুমন ও স্বজন রুনা এগিয়ে এলে ঘাতকরা তাদেরও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়ির সামনে সিএনজি রাখা নিয়ে তর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।