কুড়িগ্রামে নির্বাচনী আইন লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জোরপূর্বক ‘ধানের শীষ’-এর স্লোগানের ভিডিও ভাইরাল

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০১:২২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০১:২২:১৪ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
স্থানীয়দের অভিযোগ, ছোট ছোট শিশুদের একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ কিংবা বাধ্য করা হয়েছে, যা নির্বাচনী প্রচার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার বিধানও ভঙ্গ করা হয়েছে বলে তারা দাবি করেন।
 
জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে বলা হচ্ছে। বিষয়টি সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।
 
স্থানীয় কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু শিক্ষার্থীদের এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা সম্পূর্ণ অনৈতিক। এতে তাদের মানসিক বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
 
এ বিষয়ে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, “বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের নেতৃত্বে কয়েকজন এসে জোরপূর্বক শিক্ষার্থীদের একত্রিত করে দলীয় স্লোগান দিতে বাধ্য করে।”
 
তবে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। বিষয়টি বুঝতে পেরে আমি দুঃখ প্রকাশ করে ফেসবুকে ক্ষমা চেয়ে একটি পোস্ট দিয়েছি।”
 
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাদাত হোসেন বলেন, “ভিডিওটি আমি দেখেছি। বিষয়টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হবে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]