জমি বিরোধের জেরে পীরগঞ্জে দিনমজুরের স্ত্রীকে নৃশংস নির্যাতনের অভিযোগ

আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৫:২৬:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৫:২৬:৩৬ অপরাহ্ন
 
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি,


মোস্তফা মিয়া: জমি বিরোধের জেরে পীরগঞ্জে দিনমজুরের স্ত্রীকে নৃশংস নির্যাতনের অভিযোগ
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী, হামলা ও লুটপাটের হুমকিতে আতঙ্কিত পরিবার
 
রংপুরের পীরগঞ্জ উপজেলার ২নং ভেন্ডাবাড়ি ইউনিয়নের চেতনা পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক দিনমজুরের স্ত্রীকে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী নারী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, চেতনা পাড়া গ্রামের বাসিন্দা রিপুল ইসলাম (৩৫)-এর সঙ্গে তার চাচী মোছা: রাশেদা বেগমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করেই হামলার ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ।

 
ভুক্তভোগী মোছা: খাদিজা বেগম (২৮) জানান, চাচাতো ভাই রিফুল ইসলামের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে গত ২১ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে রিফুল ইসলামের নেতৃত্বে তার স্ত্রী নাজমা বেগমসহ অন্যান্য আত্মীয়-স্বজন সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়।

 
তিনি বলেন, ওই সময় তার দুলাভাই আশরাফুল ইসলাম মোটরসাইকেলে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে কোদাল, দা ও রাজমিস্ত্রীর হাতিয়ার দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি ও তার মা বাধা দিতে গেলে তাদের ধাক্কাধাক্কি করে মাটিতে ফেলে মারধর করা হয়।
 
খাদিজা বেগম আরও অভিযোগ করেন, একপর্যায়ে রিফুল ইসলাম ও তার স্ত্রী নাজমা বেগম তার ওপর সরাসরি হামলা চালায়। হামলার সময় ডান কানের দুল টেনে ধরলে তার কান ছিঁড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।
 
পরবর্তীতে তার স্বামী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অভিযুক্ত পক্ষ তাদের বাড়িতে গরু-বাছুর লুটপাট, মারধর ও পুনরায় হামলার হুমকি দিয়ে যাচ্ছে। এতে করে বাড়িতে থাকা নারী-শিশুসহ পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
 
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]