দেবীগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে বাধা; মামলায় ৩ জন গ্রেপ্তার

আপলোড সময় : ২০-০১-২০২৬ ১০:৪৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০১-২০২৬ ১০:৪৫:৪৯ অপরাহ্ন

মোঃআকতারু জ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি


পঞ্চগড়ের দেবীগঞ্জে অনুমোদনহীন অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযানে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুজন্ত কুমার রায় বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী হাকিমপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে আমিনুল হক (৪৮), একই এলাকার ময়নউদ্দীনের ছেলে মোসলেমউদ্দিন (৩৮) এবং মৌমারী হাকিমপুর এলাকার সোলেমান শেখের ছেলে মো. শাহিনুর ইসলাম (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ সমাবেশ, সরকারি কাজে বাধা প্রদান, সরকারি কর্মচারীর ওপর হামলা, হুমকি ও যৌথ অপরাধের অভিযোগে ইটভাটা মালিক মো. আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর সোমবার রাতেই যৌথবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ একটি দল দণ্ডপাল ইউনিয়নের মৌমারী বাজার ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন ইটভাটার শ্রমিকরা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন এবং অভিযান বন্ধের দাবি জানান। একপর্যায়ে বিক্ষোভকারীদের কারণে প্রশাসনিক যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
তবে বিক্ষোভকারীদের বাধার মুখে অভিযান পরিচালনা সম্ভব না হওয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]