ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার লোহার রডের আঘাতে মাথায় রক্তাক্ত জখম ও দুটি ভাঙ্গা দাত নিয়ে হাসপাতালে ভর্তি সোহরাব উদ্দিন নামের এক ব্যক্তি। এ ঘটনায় দুইজন গুরতর আহত হয়েছেন বলে জানা গেছে। উপজেলার সদর ইউনিয়নের নিশাইগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিশাইগঞ্জ গ্রামের সোহরাব উদ্দিনের সাথে তার ভাতিজা আমিরুল ইসলাম ও আতিকুল গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। রবিবার (১৮ জানুয়ারী) বিকেলে পর আমিরুল ইসলামের নেতৃত্বে একদল শসস্ত্র সন্ত্রাসী সোহরাব উদ্দিনের বাড়ীতে প্রবেশ করে ভাংচুর করতে থাকে। এসময় বাড়ির মালিক তাদের বাধা দিলে সন্ত্রাসীরা সোহরাব উদ্দিনের মাথায় ও মুখে লোহার রড দিয়ে উপুর্যুপরি আঘাত করতে থাকে। এতে সোহরাব উদ্দিনের দুটি দাত ভেঙ্গে যায়।
তার ডাক চিৎকারে ছেলে ও মেয়ে ফিরাইতে গেলে তাদেরকেও বেধরক মারপিট করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।