রাহাদ সুমন, বরিশাল:
বরিশালের হিজলা উপজেলায় নদীর তীরে ভেড়ানো একটি নৌকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ভোররাতে বড় জালিয়া ইউনিয়নের বাহেরচর এলাকার একটি মাছঘাটের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মরদেহের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টার দিকে মাছ শিকার শেষে ঘাটে ফেরার সময় জেলে জালাল রাঢ়ী এক যুবককে গলাকাটা অবস্থায় বসে থাকতে দেখেন। এই বীভৎস দৃশ্য দেখে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ভোররাত ৩টার দিকে খবর পেয়ে হিজলা নৌ-পুলিশের একটি দল গিয়ে নৌকার ভেতর থেকে ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে তারা এলাকায় একটি স্পিডবোটের শব্দ শুনতে পেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে ধরে এনে এই নির্জন এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নৌ-পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানিয়েছেন, সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ বা নিহত যুবকের পরিচয় সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
রাহাদ সুমন,বরিশাল