বদরগঞ্জে বস্তাবন্দী নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্ত; হত্যা মামলা দায়ের

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ১০:০৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ১০:০৫:১৬ অপরাহ্ন
 
রানা ইসলাম , রংপুর 
 
রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খোলাহাটি এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাত নারীর লাশের তিন দিন পর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পুলিশ পরিবারে কাছে লাশ হস্তান্তর করে। এ ঘটনায় নারীর ভাই সবুজ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।
 
নিহত নারীর নাম মোছা রিয়া। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বারপাড়া ইন্দারগাতী এলাকার মোকতার আলী হাওলাদারের মেয়ে এবং তার মায়ের নাম হাসিনা বেগম। তবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বর্তমান ঠিকানা ঢাকা জেলার দক্ষিণ খান উপজেলার দক্ষিণ আজমপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ। তাঁর জন্ম ১৯৮৮ সালের ১ মার্চ। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডির একটি দল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছে। 
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে খোলাহাটির রাস্তার পাশে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ অথবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ বস্তাবন্দী করে সেখানে ফেলে রাখা হয়।
 
লাশ হস্তান্তরের সময় নিহতের বোন তানিয়া বলেন, “আমার বাসা আশুলিয়ার বেরিবাঁধ এলাকায়। আমার বোন গার্মেন্টসে চাকরি করত। সে গাজীপুর চৌরাস্তায় ছিল। রংপুরে আমাদের কেউ নেই। কে বা কারা আমার বোনকে এখানে এনেছে—এটা জানতে চাই এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
 
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “আজ দুপুরে নিহতের বড় ভাই সবুজ, মা ও ছোট বোন তানিয়ার উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে এবং দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]