মিঠাপুকুরে ভুট্টা ক্ষেতে ছাগল যাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নারীসহ আহত ৪, লুটপাটের অভিযোগ

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৬:৩৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৬:৩৪:৫১ অপরাহ্ন
 
রংপুর প্রতিনিধি:
 
রংপুরের মিঠাপুকুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার ১৬নং মির্জাপুর ইউনিয়নে ভুট্টা ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ একই পরিবারের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
 
স্থানীয়রা জানান , গত ৯ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মির্জাপুর ইউনিয়নের রাজারাম গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রতিবেশী মোঃ নুর ইসলাম ও মোঃ নুর আলমের পালিত ছাগল মর্জিনা বেগমের ভুট্টা ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে। মর্জিনা বেগম ছাগলটিকে খোয়াড়ে নিয়ে যেতে চাইলে প্রতিবেশী পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।
 
​এরই জেরে ওইদিন সন্ধ্যায় অভিযুক্ত নুর ইসলাম, নুর আলম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মর্জিনা বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
 
 
হামলাকারীরা লোহার রড দিয়ে মোঃ মশিউর রহমানের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার মা মর্জিনা বেগম, ভাই মোস্তাফিজুর রহমান এবং খালা মাজেদা বেগমকেও বেধড়ক মারপিট করা হয়। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা মোস্তাফিজুর ও মাজেদা বেগমকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালায়।
 
​হামলার সময় বসতবাড়ির আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ঘরের ড্রয়ারে রাখা জমি বন্ধকের নগদ ১ লাখ ৩০ হাজার টাকা অভিযুক্ত আতিকুর ও শরিফুল লুট করে নিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
 
 
এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ভুক্তভোগী মিজানুর রহমান বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, "অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]