ফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরা

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৮:৪৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৮:৫৯:৩৬ অপরাহ্ন
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার বুন্দিপাড়া গ্রাম বর্তমানে মাদক বিক্রেতাদের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে। মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ডের প্রধান বাধা হয়ে দাঁড়ানো বাসাবাড়ির সিসি ক্যামেরা রাতের আঁধারে ভেঙে ফেলা হচ্ছে।


পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কানাহার বুন্দিপাড়া গ্রামের বাসিন্দা নুর ইসলাম জানান, তাঁর বাড়ির আশপাশে প্রতিনিয়ত মাদক বিক্রি ও সেবনের আনাগোনা লেগেই থাকে। নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি নিজ খরচে বাড়ির বাইরে তিনটি সিসি ক্যামেরা স্থাপন করেন। কিন্তু বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে মুখে মাস্ক পরা দুই ব্যক্তি তার সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে এবং তার ছিঁড়ে দেয়।


তিনি আরও জানান, ওই সময়ের ভিডিও ফুটেজ তার মোবাইলে সংরক্ষিত রয়েছে এবং এ ঘটনায় তিনি ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নুর ইসলাম বলেন, “আমাদের গ্রামে এখন ব্যাপক হারে মাদক ব্যবসায়ী তৈরি হয়েছে, এতে পরিবার নিয়ে নিরাপদে বসবাস করা কঠিন হয়ে পড়ছে। একই অভিযোগ করেন পাশের বাড়ির বাসিন্দা আমেনা বেগম, পুতুল বেগমসহ আরও অনেকে। তারা জানান, মাদক বিক্রেতাদের দৌরাত্ম্যে গ্রামের পরিবেশ চরমভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। তা না হলে পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাস করা দুরূহ হয়ে পড়বে।


এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]